সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার বাসিন্দা। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেড়া পৌর যুবলীগের নেতা সোহেলের বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে বেড়া মডেল থানার পাশেই কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে সোহেল রানাকে গ্রেফতার করা শেষে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় একদল লোক পুলিশকে ঘেরাও করে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেই সুযোগ নিয়ে উপস্থিত জনতা জোরপূর্বক পুলিশের কাছ থেকে আসামি সোহেলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলেও জানা যায়।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। স্থানীয়রা বেশ কয়েকজন পুলিশের আইন প্রয়োগ করার কাজে বাধা দিয়েছেন তারা।
তিনি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।