আগামীকাল সোমবার প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশের পর একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে ফল দেখতে পারবেন। এছাড়া খুদে বার্তার মাধ্যমেও ফল পাওয়ার সুযোগ থাকবে।
যেভাবে অনলাইনে ফল দেখবেন
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল দেখতে প্রথমে নির্ধারিত ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর ধাপে ধাপে—
পরীক্ষার নামের জায়গায় এসএসসি/দাখিল নির্বাচন করতে হবে।
পরীক্ষার বছর হিসেবে ২০২৬ নির্বাচন করতে হবে।
নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
পরীক্ষার্থীর রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে।
নিরাপত্তা যাচাইয়ের জন্য দেওয়া অঙ্কের উত্তর পূরণ করতে হবে।
সবশেষে জমা দেওয়ার বাটনে ক্লিক করলেই ফল দেখা যাবে।
খুদে বার্তায় এসএসসির ফল
অনলাইনের পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও এসএসসির ফল জানা যাবে।মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <২০২৬
এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ : SSC DHA 123456 2026
এছাড়া ১৬২২২ নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।
দাখিলের ফল যেভাবে পাবেন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের খুদে বার্তার মাধ্যমে ফল পেতে আগে নিবন্ধন করতে হবে।নিবন্ধনের জন্য লিখতে হবে:
Dakhil <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <২০২৬
এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : Dakhil MAD 123456 2026
আগে নিবন্ধন করা পরীক্ষার্থীদের মুঠোফোনে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের ফল
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।এ জন্য লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <২০২৬
এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : SSC TEC 123456 2026
শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পাওয়া যাবে ফল
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলপত্র পেতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের ফলাফল অংশে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিতে হবে। এরপর ওই প্রতিষ্ঠানের ফলাফলপত্র দেখা ও ডাউনলোড করা যাবে।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের তাত্ত্বিক পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
সময়ের আলো/আআ