প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ এএম
নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী। ছবি : সংগৃহীত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে থানায় পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। পালিয়ে যাওয়া ব্যক্তি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক শৈবাল বলে জানিয়েছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতারা।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখেন সাধারণ শিক্ষার্থী ও অন্যরা। পরে তাদের আটক করা হয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল পালিয়ে যান। বাকি দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে ছিলেন। তাদের কর্মীরা দুজনকে আটকের খবর দিলে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আটক দুজনকে থানায় সোপর্দ করে।
সময়ের আলো/জেডি