হেফাজত আমিরকে বুকে জড়িয়ে নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাবুনগরীকে বুকে জড়িয়ে

2026-08-09T20:29:35+00:00
2026-08-09T20:29:35+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
হেফাজত আমিরকে বুকে জড়িয়ে নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম 
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন তিনি।

রোববার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে বিকেল সোয়া ৪টার দিকে আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় যান তিনি।

মাদ্রাসায় পৌঁছালে হেফাজত আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, তার ছেলে ও কেন্দ্রীয় নায়েবে আমির আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী বুকে জড়িয়ে ধরেন হেফাজত আমিরকে। এ সময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য সরোয়ার আলম, গিয়াস কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

প্রবীণ ইসলামী পণ্ডিত শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ। তার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় যোগ দেন। এতে হেফাজত আমির সভাপতিত্ব করেন।


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় সকাল থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিএনপির স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।

সাক্ষাতের পর মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে তিনি মুহিব্বুল্লাহ বাবুনগরীকে মাদ্রাসায় আসার কথা দিয়েছিলেন। তবে সরকার গঠনের পরপরই রমজান শুরু এবং দেশের বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে গিয়ে আসতে দেরি হয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের পরপরই রমজান শুরু হওয়ায় নতুন সরকারকে বাজার পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সতর্ক থাকতে হয়েছে। এরপর মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে তেল, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতির ওপর চাপ তৈরি হয়। এসব বিষয় সামাল দিতে গিয়ে তার আসতে দেরি হয়েছে।

তারেক রহমান বলেন, নির্বাচনের সময় হেফাজতের নেতাকর্মীরা তার সঙ্গে থেকে কাজ করেছেন। তাদের সহযোগিতায় দেশকে বিপদের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। সবাই যেন শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন– এমন একটি দেশ গড়ে তুলতে চায় সরকার। একইসঙ্গে প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে সামনে রেখে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভালো কিছু করার জন্য সরকার কাজ করতে চায়। এই দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও সবার দোয়া চান প্রধানমন্ত্রী।

সময়ের আলো/আআ


  বিষয়:   হেফাজত  আমির  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: