রেকর্ডের অপেক্ষায় মিমো

মামুন হোসেন

খেলা

পুস্কর খীসা মিমো- বাংলাদেশ জাতীয় হকি দলের জনপ্রিয় এবং পরিচিত মুখ। একটা সময় দলের নিয়মিত পছন্দ থাকলেও, এখন তাকে লড়াই

2026-08-10T01:58:29+00:00
2026-08-10T01:58:29+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলা
রেকর্ডের অপেক্ষায় মিমো
মামুন হোসেন
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৮ এএম 
জাতীয় হকি দলের জনপ্রিয় এবং পরিচিত মুখ পুস্কর খীসা মিমো। ছবি : সংগৃহীত
পুস্কর খীসা মিমো- বাংলাদেশ জাতীয় হকি দলের জনপ্রিয় এবং পরিচিত মুখ। একটা সময় দলের নিয়মিত পছন্দ থাকলেও, এখন তাকে লড়াই করেই দলে জায়গা পেতে হয়। এই লড়াইয়ে কখনো জয়ী হন, কখনো দল থেকে ছিটকে যান। তবে লড়াকু মিমো কখনো লড়াইয়ে ক্ষান্ত দেন না। গত বছর এশিয়া কাপে হঠাৎ জায়গা হারালেও, চলতি বছর এশিয়ান গেমস বাছাইপর্বের পর এশিয়ান গেমসের দলেও জায়গা করে নিয়েছেন দেশের এই পরীক্ষিত ফরোয়ার্ড। 

সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির ১৮তম আসর। সেই আসর সামনে রেখে ৩৮ জন খেলোয়াড় নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু হয়। সেখান থেকে ২৪ জনে নেমে আসে দল। সেই দলের অন্যতম সদস্য মিমো। এশিয়ান গেমসে যাওয়ার আগে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মাস দেড়েক অনুশীলন করে দল। জার্মান কোচ পিটার গেরহার্ড এবং মশিউর রহমান বিপ্লবের অধীনে এই ক্যাম্প পরিচালিত হয়। গেমসে ভালো করার লক্ষ্যে এবার জার্মানিতে অনুশীলন ক্যাম্প হবে। সেখানে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন মিমো।

দেখতে দেখতে হকিতে প্রায় দেড় যুগ হয়ে গেছে রাঙ্গামাটির ছেলে মিমোর। জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যে অনেক ম্যাচ খেলা হয়ে গেছে তার। যেখানে এশিয়া কাপ, এশিয়ান হকি ফেডারেশন কাপ, এশিয়ান গেমসের মতো বড় আসর রয়েছে। 

জাপানে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান গেমসের চূড়ান্ত দলে যদি শেষ পর্যন্ত সুযোগ মেলে মিমোর, তা হলে দারুণ এক রেকর্ডে নাম তুলবেন এই ফরোয়ার্ড। রেকর্ড পঞ্চমবারের মতো আসরটিতে খেলার কীর্তি গড়বেন। যে কীর্তি গড়ার তালিকায় রয়েছেন মিমোরই বিকেএসপির বড় ভাই এবং দীর্ঘদিনের সতীর্থ দেশের অন্যতম সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি।২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে মিমোর শুরু। এরপর ইনচন, জাকার্তা, হাংজুতে খেলেন। 


পঞ্চমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া প্রসঙ্গে সময়ের আলোকে মিমো জানান, আমার জানামতে পঞ্চমবারের মতো বাংলাদেশের কেউ এশিয়ান গেমসে খেলেননি। আমি এবং জিমি ভাই যদি দলে থাকি, তা হলে এটি আমাদের দুজনেরই রেকর্ড হবে। তবে রেকর্ড নিয়ে আপাতত ভাবছি না। অনুশীলন ক্যাম্প চলছে সেদিকে পূর্ণ মনোযোগ। পিটার গেরহার্ড আবারও আমাদের কোচ হয়ে এসেছেন, বিপ্লব ভাইয়ের মতো অভিজ্ঞ কোচ আছেন। অনুশীলন সেশন দারুণ হচ্ছে। সবার মধ্যে ভালো করার তাগিদ লক্ষ্য করছি, সবাই নিজেদের সেরাটা দিয়ে চূড়ান্ত দলে জায়গা করে নেয়ার চেষ্টা করছে।

হকিতে দীর্ঘ বছর পার করেও ফিটনেসে এতটুকু ঘাটতি নেই মিমোর। এ প্রসঙ্গে হকি ফরোয়ার্ড বলেন, আমি পার্বত্য অঞ্চলের মানুষ। প্রকৃতিগতভাবেই আমাদের ফিটনেস অন্যদের চেয়ে কিছুটা হলেও ভালো। এর সঙ্গে আমার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির ভূমিকাও রয়েছে। সেখানে যে অনুশাসনে আমরা বেড়ে ওঠেছি, নিয়মশৃঙ্খলা মেনেছি- সেটাই ফিটনেস উন্নতিতে কাজ করেছে।

হকিতে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে। ঝিমিয়ে পড়া হকিতে ফিরেছে প্রাণের সঞ্চার। বিষয়টি নিয়ে কী ভাবছেন মিমো। সময়ের আলোর এমন প্রশ্নে তিনি বলেন, নতুন কমিটির কাছে আমাদের অনেক প্রত্যাশা। বিশেষ করে সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক ভাইয়ের কাছে। তিনি মূলত হকি অন্তঃপ্রাণ সংগঠক। হকিকে ভীষণ ভালোবাসেন। ইশতিয়াক ভাই যতদিন থাকবেন, ততদিন দিক হারাবে না আমাদের হকি। তিনি থাকলে ঘরোয়া হকিও চাঙ্গা হবে। দেশে ফ্রাঞ্চাইজি লিগসহ আরও অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাব আমরা।


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   রেকর্ড  অপেক্ষা  মিমো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: