প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ

2026-08-10T15:29:14+00:00
2026-08-10T15:29:14+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল (৩৫) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান। এর আগে গভীর রাতে (রাত ৩টার দিকে) উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়ামারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে এবং আহত কামাল একই এলাকার মধু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম প্রায় ১০ দিন আগে ছুটিতে দেশে আসেন। তার দেশে ফেরার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে কয়েকজন চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হৃদয় মিয়া ও কামাল মিয়া ঘরের ভেতর ঢুকে পড়লেও অন্যরা বাইরে অবস্থান করছিলেন।


বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে হৃদয় ও কামালকে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামালকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশও জানিয়েছে, তার বিরুদ্ধে চুরি ও মাদক মামলা রয়েছে। এছাড়া প্রায় এক বছর আগে তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, সকালে দুজনকে হাসপাতালে আনা হয়। হৃদয় মিয়া কথা বলতে বা নড়াচড়া করতে পারছিলেন না এবং তার রক্তচাপও পাওয়া যায়নি। ইসিজি ও অক্সিজেন দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মো. মুজিবুর রহমান জানান, রাতে চুরির চেষ্টার সময় স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করেন। ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয়ের বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রবাসী  বাড়ি  চুরি  অভিযোগ  গণপিটুনি  যুবক নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: