রাজধানীর ডেমরা দুর্গাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আরেফিন বেগম (২১) নামে এক গৃহবধূ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে ডেমরা দুর্গাপুর মাঝপাড়া এলাকার বাসার সামনে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে রোববার রাত ১টার দিকে দুর্গপুরের বাসার সামনে থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্বামী ইয়াসিন মিয়া ও তিন মাসে বাচ্চাকে নিয়ে ওই বাসায় থাকতো। গতকাল তাদের বিবাহ বার্ষীকি ছিল। তাদের তিন মাসের বাচ্চাও অসুস্থ ছিল। রাত ৮টার দিকে বাচ্চার কাপড় পরিবর্তন করা নিয়ে সমস্যার হলে, স্ত্রী আরেফিন পাশের রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর আগুন দেখতে পায়। এরপর দরজা ভেঙে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাসায় নিয়ে আসেন।
এসআই জানান, ওই নারীর শরীরে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গায়ে কেরোসিন তেল দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত আরেফিনের ফুফু মোসলেমা বেগম বলেন, আরেফিন আত্মহত্যা করে নাই। গতরাতে তাদের বিবাহ বার্ষীকি ছিল। এদিকে তাদের তিন মাসের বাচ্চাটাও অসুস্থ ছিল।
তিনি বলেন, আরেফিন অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাকে ছ্যাঁক দেওয়ার জন্য হারিকেন জ্বালিয়ে কাপড় গরম করছিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি ছিল না। তাদের ধারণা, অসাবধানতাবশত সেই আগুনেই আরেফিনের শরীরে আগুন ধরে যায়।
সময়ের আলো/কেএইচও