অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের শহর ডারউইন। শান্ত, নিরিবিলি এই শহরে অবসর কাটানোর অন্যতম জনপ্রিয় উপায় মাছ ধরা। সেই মাছ ধরার আয়োজনেই এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে অন্যরকম একদিন কাটালেন দুই দলের তিন ক্রিকেটার।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের সঙ্গে ডারউইন ওয়াটারফ্রন্টে সময় কাটান অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি ও ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। সাক্ষাৎকার ও সিরিজের ফটোশুট শেষে তিনজন মাছ ধরার নৌকায় চড়ে পানিতে বেরিয়ে পড়েন। স্বল্প সময়ের জন্য উপভোগ করেন মাছ ধরার অভিজ্ঞতা।
ওয়েদারাল্ডের জন্ম ও বেড়ে ওঠা ডারউইনেই। মাছ ধরার জন্যও বিশ্বজুড়ে পরিচিত শহরটি। বারামুন্ডি, ব্ল্যাক জু-ফিশ ও স্প্যানিশ ম্যাকেরেলের মতো মাছের জন্য ডারউইনের খ্যাতি রয়েছে। বছরের এই সময়ে সেখানে বারামুন্ডির দেখা বেশি মেলে। ফলে তাসকিন, ক্যারি ও ওয়েদারাল্ডের লক্ষ্যও ছিল সেই মাছ।
বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় মাছ ধরা এ দেশের সংস্কৃতি ও জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। দুই দেশের এই সাংস্কৃতিক মিলকে সামনে রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজন করেছিল ব্যতিক্রমী এই আয়োজন।
তবে এই বন্ধুত্বপূর্ণ মুহূর্ত পেরিয়ে এবার মাঠের লড়াই। ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট হয়েছিল ২০০৩ সালে। সেবারও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, দ্বিতীয়টি কেয়ার্নসে। এরপর ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৮ বছর পর আবারও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে বাংলাদেশ।
ম্যাকাইয়ে এবারই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯২ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দীর্ঘ ৩৩ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সেখানে। ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হয় ম্যাকাইয়ে।
আগামী বছর টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এ কারণে ২০২৭ সালের নির্ধারিত বাংলাদেশের সফর এক বছর এগিয়ে আনা হয়েছে।
এখন পর্যন্ত দুই দল ছয়টি টেস্ট খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একটিতে, আর অস্ট্রেলিয়া পাঁচটিতে।
সময়ের আলো/কেএইচও