ঘরোয়া ফুটবলে এখনও বড় কোনো সাফল্য পায়নি ফর্টিস ফুটবল ক্লাব। লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জিতে বছরপাঁচেক আগে পেশাদার লিগ আসর শুরু করে করপোরেট দলটি। সবশেষ লিগে তৃতীয়স্থান অর্জনই এখন পর্যন্ত ফর্টিসের সেরা সাফল্য। আর সেই সাফল্যের সূত্রে ধরেই এবার এশিয়ার ফুটবলের বড় মঞ্চ এএফসি চ্যালেঞ্জ কাপে অভিষেকের অপেক্ষায়।
মঙ্গলবার (১১ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশের ফর্টিস।
দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞার কারণে ২০২৫-২৬ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ আবাহনী লিমিটেড এএফসি চ্যালেঞ্জ কাপে খেলার যোগ্যতা হারায়। এই দুদলের পরিবর্তে লিগ টেবিলে তৃতীয়স্থানে থাকা ফর্টিসে ভাগ্যে জোটে এএফসিতে খেলার সুযোগ। মুরাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলটি যেমন আনন্দিত, একই সঙ্গে কিছুটা চাপেও রয়েছে। কারণ নতুন মৌসুমের দলবদলের কারণে অনেক খেলোয়াড় ফর্টিসের টেন্ট ছেড়েছে।
গতকাল তাই মুরাসের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়ে যাননি ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার। তিনি জানান, আমি ঠিক রোমাঞ্চিত নই, এটি একটি অনেক বড় দায়িত্ব। ফর্টিস শুধু নিজেদের নয়, পুরো বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে। আমাদের হাতে যেটুকু সময় ছিল, তা আমরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেছি।
ফর্টিসের একাদশে বরাবরই দেশি তরুণদের প্রাধান্য থাকে। আজকের ম্যাচেও তার ব্যতিক্রম হচ্ছে না। সদ্য অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ রাসেল একাদশে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ। এ ছাড়া এএফসি কাপের ভিন্ন বাস্তবতায় আবাহনী থেকে ইব্রাহিম ও শাকিলকে শুধু এই টুর্নামেন্টের জন্যই দলে ভিড়িয়েছে তারা।
স্কোয়াডে থাকা ৮ জন বিদেশি ফুটবলার, যাদের মধ্যে দুজন জাপানি খেলোয়াড় রয়েছেন, ফর্টিসের অন্যতম বড় শক্তির জায়গা। কিরগিজস্তানের দল মুরাস ইউনাইটেড শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং তারা নিয়মিত লিগ খেলার মধ্যে রয়েছে। তাদের বিপক্ষে বেলা ৩টায় ম্যাচ ফর্টিসের জন্য অবশ্য কৌশলগতভাবে এগিয়ে থাকা। শীতপ্রধান দেশের দল মুরাসকে ঢাকার গরমে কাবু করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন কায়সার।
সময়ের আলো/প্রিন্ট/টিকে