গাজীপুরের কাপাসিয়ায় এবারের দাখিল পরীক্ষার ফলে তিনটি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো মেরুয়া সিনিয়র আলিম মাদরাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসা ও পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, মেরুয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা থেকে ৬ জন পরীক্ষায় অংশ নেয়। তিন প্রতিষ্ঠানের মোট ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হয়নি।
এদিকে কাপাসিয়া উপজেলায় এবার দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ১ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬২০ জন পাস করেছে এবং ৫৪০ জন অকৃতকার্য হয়েছে। উপজেলায় মোট পাসের হার ৫৩ দশমিক ৪৪ শতাংশ।
একাধিক প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় মাদরাসাগুলোর পাঠদানের মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি ও একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ফলাফল খারাপ হওয়ার প্রকৃত কারণ জানতে প্রতিষ্ঠানভিত্তিক আগের বছরের ফলাফল, বিষয়ভিত্তিক সাফল্য এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত পর্যালোচনা করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এমকে