নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয় জামায়াতের কয়েকজন নেতা-কর্মী। অতিরিক্ত মানুষের চাপে সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে যান তারা। এ সময় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) উপজেলার ৩নং ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নটাবাড়ী ও নাউতারা ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির অবস্থা দেখতে এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতাসহ দলীয় নেতা-কর্মী ও গ্রামবাসী ছিলেন।
পরিদর্শনের সময় অতিরিক্ত মানুষের চাপে সেতুর একটি অংশ ভেঙে পড়লে কয়েকজন নদীতে পড়ে যান। স্থানীয়দের দ্রুত তৎপরতায় এমপি নিরাপদে সরে যেতে সক্ষম হন। কয়েকজন সামান্য আহত হলেও বড় দুর্ঘটনা ঘটেনি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’
পরে মতবিনিময় সভায় এমপি বলেন, ‘আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো, গ্রামের মানুষ কতটা কষ্ট করে যাতায়াত করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’
সময়ের আলো/এমকে