নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল। ২০২৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি গাজীপুরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করা হয়। গারদখানা থেকে বিকেলে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে উঠানোর আগে তিনি এ ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে তাকে হাতকড়া পরা অবস্থায় প্রিজন ভ্যানে উঠানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় তিনি হঠাৎ দাঁড়িয়ে যান। পরে উপস্থিত সবার সামনে তাকে বলতে দেখা যায়, ‘আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন আমার জন্য।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান। এর আগে, তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে কাউন্সিলর নির্বাচিত হন।
২০২২ সালের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে প্রকাশিত সংবাদেও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের তালিকায় তার নাম উঠে আসে। সে সময় তিনি মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্বের আলোচনায় ছিলেন।
২০২৪ সালে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সময়ের আলো/মহু