জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মো. নাছির উদ্দিন শাওন বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি দুই শতাধিক আসনে জয় নিয়ে সরকার গঠনের পর থেকেই পলাতক শেখ হাসিনার অনুসারীসহ একটি মহল সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, কোনো ইস্যু না পেয়ে তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনার অনুসারীরা ভারতে বসে বাংলাদেশে ফেরার হুমকি দিচ্ছে। তবে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। ছাত্রদল নেতাকর্মীরা বেঁচে থাকতে গণহত্যার সঙ্গে জড়িতদের বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না।
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সবসময় সজাগ থাকবে উল্লেখ করে শাওন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করবে। কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
এ সময় তিনি ভবিষ্যতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ধৈর্য ধরে সজাগ থাকার আহ্বান জানান।
সময়ের আলো/আআ