নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটিতে চালকসহ আটজন ছিলেন। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে আসার পথে নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে।
সংঘর্ষে পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে একজন নারী। স্থানীয় লোকজন আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে গুরুতর আহত চারজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পিকআপে করে একটি পরিবার অথবা স্থানীয় কোনো মাজারে যাওয়ার সময় নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের যাত্রীরা মারা যান। সার বোঝাই ট্রাকটি রাস্তার একপাশে উল্টে যায়। পিকআপ ভ্যানটিতে থালাবাসন, কলসসহ দুটি ছাগল ছিল। দুর্ঘটনায় ছাগল দুটিও মরে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সময়ের আলো/জোই