ফুটবল অঙ্গনে প্রতিনিয়তই নানা বিচিত্র ঘটনার জন্ম হয়, তবে স্পেনের কস্তা দেল সল ট্রফির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে যা ঘটল - তা ফুটবল ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ফুলহ্যাম ক্ষোভ প্রকাশ করে মাঠ ছেড়ে চলে যাওয়ায়, গোলপোস্টে কোনো গোলরক্ষক বা খেলোয়াড় ছাড়াই ফাঁকা জালে পেনাল্টি মেরে ট্রফি জয় উদযাপন করেছে স্বাগতিক মালাগা সিএফ।
ম্যাচের মূল ৯০ মিনিটের খেলা ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর শুরু হয় এই নাটকীয় ঘটনা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফুলহ্যামের ডিফেন্ডার কেলভিন বাসির বিরুদ্ধে হ্যান্ডবলের বিতর্কিত বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ ক্লাব মালাগাকে সমতায় ফেরান এনেকো জাউরেগি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালে ফুলহ্যামের কোচ আলভারো আরবেলোয়াকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
খেলা ড্র হওয়ার পর রেফারি সরাসরি পেনাল্টি শুটআউটের নির্দেশ দিলে দুই দলের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। মালাগা কর্তৃপক্ষের দাবি, প্রীতি ম্যাচের পূর্বশর্ত অনুযায়ী খেলা টাই হলে টাইব্রেকার অনুষ্ঠিত হওয়ার নিয়ম ছিল। তবে ফুলহ্যামের পক্ষ থেকে জানানো হয়, প্রাক-মৌসুম চুক্তিতে টাইব্রেকারের কোনো উল্লেখ ছিল না। এছাড়া ফুলহ্যাম দলের লন্ডনে ফেরার জন্য নির্ধারিত ফ্লাইট প্রস্তুত থাকায় শুটআউটে অংশ নিলে বিমান মিস করার বড় আশঙ্কা তৈরি হয়। ফলে কোনো সমঝোতায় না গিয়েই ফুলহ্যামের পুরো দল একযোগে মাঠ ত্যাগ করে টানেলে প্রবেশ করে।
প্রতিপক্ষ দল মাঠ ছাড়লেও আয়োজক মালাগা এবং ম্যাচ অফিশিয়ালরা মাঠেই অবস্থান করেন। এরপর ঘটে সেই হাস্যরসাত্মক ঘটনা - গোলপোস্ট সম্পূর্ণ খালি থাকা সত্ত্বেও মালাগার ফরোয়ার্ড এনেকো জাউরেগি ফাঁকা জালে শট নিয়ে গোল সম্পন্ন করেন। বল জালে জড়াতেই স্টেডিয়ামে উপস্থিত হোম সমর্থকদের সামনে ট্রফি উঁচিয়ে শিরোপা উদযাপনে মেতে ওঠে মালাগা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। ফুলহ্যাম জানায়, "ম্যাচের আগেই লিখিত চুক্তি হয়েছিল যে খেলা ড্র হলে কোনো শুটআউট হবে না। খেলোয়াড়দের ফিটনেস ও ভ্রমণসূচি রক্ষার্থেই আমরা মাঠ ছাড়তে বাধ্য হয়েছি।" অন্যদিকে মালাগা পাল্টা দাবি করে জানায়, "অফিশিয়ালি পেনাল্টি শুটআউট নির্ধারিত থাকা সত্ত্বেও ফুলহ্যাম অন্যায্য অজুহাতে মাঠ ত্যাগ করেছে।" অদ্ভুত এই ঘটনাটি বর্তমানে ফুটবল বিশ্বের নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সময়ের আলো/টিকে