ইতিহাসসেরা ষষ্ঠ স্থানে চোখ শিতুলের

মামুন হোসেন

খেলা

এশিয়ান গেমস সামনে রেখে সকাল-বিকাল ব্যস্ত বাংলাদেশ জাতীয় হকি দল। দম ফেলার ফুরসত নেই জিমি, শিতুল, রাব্বি, মিমোদের। সেপ্টেম্বরের ১৮

2026-08-14T04:12:44+00:00
2026-08-14T04:12:44+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
খেলা
ইতিহাসসেরা ষষ্ঠ স্থানে চোখ শিতুলের
মামুন হোসেন
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:১২ এএম 
বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় শিতুল। গ্রাফিক : সময়ের আলো
এশিয়ান গেমস সামনে রেখে সকাল-বিকাল ব্যস্ত বাংলাদেশ জাতীয় হকি দল। দম ফেলার ফুরসত নেই জিমি, শিতুল, রাব্বি, মিমোদের। সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। সেই ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথম আসরে ষষ্ঠ স্থান অর্জন করে বাজিমাত করেছিল দল। এরপর এশিয়ান গেমসে টানা অংশ নিলেও কখনো সপ্তম, কখনো অষ্টম স্থানে থেকে আসর শেষ করে দল।

ব্যতিক্রম ছিল কেবল ২০১৮ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জাকার্তা এশিয়ান গেমস। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর আবারও আসরে ষষ্ঠ স্থান অর্জন করে দেশে ফেরে লাল-সবুজরা। ওই আসরে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। মাঝে ২০২২ সালে চীনের হাংজুতে অংশ নেওয়া দলটি এবার ২০২৬ সালে আবারও খেলতে যাচ্ছে মর্যাদার আসরটি। দলকে ইতিহাসসেরা সাফল্য এনে দেওয়া রাজশাহীর ছেলে শিতুলের চোখ এবারও সেই ষষ্ঠ স্থানেই।

চলতি বছরের জুলাইয়ে শুরু হয় বাংলাদেশের এশিয়ান গেমস হকির ক্যাম্প। ৩৮ জনের দল থেকে এখন ২৪ জনে দাঁড়িয়েছে। এই ২৪ জন দু-চার দিনের মধ্যে জার্মানিতে যাবে উচ্চতর প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে। সেখানে স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে। এরপর দল সেখান থেকে দেশে কিছু দিন ক্যাম্প করে চলে যাবে জাপানে। হাইপ্রোফাইল কোচ জার্মানির পিটার গেরহার্ডের অধীনে পরিচালিত হচ্ছে এবারের ক্যাম্প। এর আগে আরও তিনটি এশিয়ান গেমসে অংশ নিলেও কখনো দেশে এবং দেশের বাইরে এতদিন প্রস্তুতির সুযোগ পাননি শিতুল। এবারের আসর তাই অন্যরকম এক অনুভূতি জাগানিয়া এ ডিফেন্ডারের কাছে। এ প্রসঙ্গে সময়ের আলোকে শিতুল বলেন, প্রত্যেকবারের চেয়ে এবারের এশিয়ান গেমসটা একটু আলাদা। প্রথমত এত লং টাইম ক্যাম্প, সঙ্গে ফরেন স্টাফ এবং প্র্যাকটিস ম্যাচের সুবিধা; সত্যি বলতে আমরা একটা সুন্দর প্রস্তুতি নিয়ে এগোচ্ছি।

ফেডারেশন এবার সব ধরনের সুবিধা দিচ্ছে হকি দলকে। সবশেষ ২০২২ এশিয়ান গেমসে প্রত্যাশিত সাফল্য আসেনি। এবার কী প্রত্যাশা করছে দল— এমন প্রশ্নে শিতুল জানান, ‘আমরা এবার সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করব এবং ব্যক্তিগত অভিমত যদি বলি, কোরিয়া আমাদের গ্রুপে আছে। ওদের হারানোর একটা টার্গেট থাকবে। এশিয়ান গেমসে আমাদের সেরা সাফল্য ষষ্ঠ স্থান। সেটা এবার পুনরুদ্ধার করতে চাই। আমাদের দলের সেই সামর্থ্য আছে। আমরা সেরা কোচিং স্টাফ পাচ্ছি, দেশে এবং দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ খেলার সুবিধা পাচ্ছি। যেহেতু ফেডারেশন আমাদের এত কিছু দিচ্ছে, আমাদের তো দায়িত্ববোধ আছে। সেটা আমরা মাঠে প্রমাণ দেব ইনশাআল্লাহ।’


আগের তিন আসরে খেলার অভিজ্ঞতার আলোকে এবারের দলটাকে কীভাবে মূল্যায়ন করবেন— এমন প্রশ্নে শিতুল বলেন, ‘আমার কাছে এই দলটা নিঃসন্দেহে খুব ভালো একটা দল মনে হচ্ছে। কারণ একটা দলে সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশনটা থাকলে পূর্ণতা পায়। কারণ সিনিয়র অথবা শুধু জুনিয়র দিয়ে একটা টিম পরিচালনা করা যায় না। বড় টুর্নামেন্টে ম্যাচ টেম্পারামেন্টের একটা ব্যাপার থাকে। সে কারণে সিনিয়র খেলোয়াড়দের অবশ্যই প্রয়োজনীয়তা আছে বলে মনে করি।’ 

এশিয়ান গেমস সামনে রেখে জার্মান কোচ পিটার গেরহার্ডকে উড়িয়ে আনা হয়েছে। পিটার এর আগেও বাংলাদেশের হকিতে নানান ভূমিকায় কাজ করেছেন। পিটার আসায় দলে কেমন পরিবর্তন এসেছে— এর জবাবটা শুনুন শিতুলের মুখে, ‘এর আগে ফর্মেশনগুলো ছিল আমরা লং পাস বা ইন্ডিভিজুয়াল বেশি ট্রাই করতাম। পিটার এসে ইউরোপিয়ান ধাঁচটা আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন। যেমন ছোট ছোট পাস এবং কুইক পাসিং, মুভমেন্ট, পজিশনিং, অ্যাটাকিং— এই জিনিসগুলো উনি বেশি কনসেনট্রেট করছেন এবং আমার কাছেও মনে হচ্ছে এটা আমাদের ওমান বা যেগুলো আমাদের নিচুর স্তরের টিমগুলো আছে, এদের সঙ্গে খুব ইফেক্টিভ হবে। 

হকির নতুন অ্যাডহক কমিটি খেলাটিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিদেশি কোচ, বিদেশে ট্রেনিং ব্যবস্থা, থাকা-খাওয়ার উন্নতি, যা এর আগে চোখে পড়েনি। নতুন কমিটির কাছে শিতুলের প্রত্যাশা কী— এমন প্রশ্নে এ ডিফেন্ডার বলেন, ‘নতুন কমিটি আসার পরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, এভাবে কখনোই আমরা এর আগে পরিবর্তন দেখিনি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে আমাদের যাবতীয় যা কিছু আছে সবদিকেই আমরা সেটা লক্ষ করতে পারছি। কোচিং স্টাফ যদি বলেন, জুনিয়র টিম, মহিলা টিম এবং সিনিয়র টিম— তিন টিমেই এত সুন্দর কোচিং স্টাফ দেওয়া, সঙ্গে আমাদের লোকাল কোচদেরও রাখা। তো সবকিছু মিলেই যে তারা হকি সম্পর্কে বুঝে, প্রিন্স ভাই এবং ইশতিয়াক ভাই এবং আরও যারা আছেন তারা সবাই যে হকির ভালো চান এটা মুখে না বললেও অনুমেয়। আমার উনাদের কাছে প্রত্যাশা ঘরোয়া লিগটা যেন দ্রুত চালু করেন। যদিও উনারা এ বিষয়েও কাজ শুরু করেছেন। সবমিলে বলব হকি ইতিহাসের বাঁকবদলের পথে রয়েছে।’

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   হকি  সময়ের আলো  খেলা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: