চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা।
কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৫), মো. রফিক (২৮), মো. শাহেদ (২৭) ও জিয়াবুল হক (২৫)। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শামসুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী লেগুনা খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ছাদ আলাদা হয়ে যায় এবং গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় লেগুনায় থাকা ৯ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাটের খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠান। সেখান থেকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে একজন ও কক্সবাজার সদর হাসপাতালে তিনজন মারা যান।
নেত্রকোনা : ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারে দ্রুতগামী সারবোঝাই ট্রাক ও যাত্রীবোঝাই পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনসহ মোট ৪ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের যাত্রীরা মারা যান। সারবোঝাই ট্রাকটি রাস্তার একপাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বভাবিক রয়েছে।
যশোর : যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৮) নামে এক কলেজছাত্রের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়কের খাদ্যগুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়া যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদরাসা অফিস সহকারী নিহত হয়েছেন।
নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগগা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল তিগগা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগগার ছেলে।
পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/প্রিন্ট/আতা