সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সবাই সরকারের সমালোচনা

2026-08-14T11:12:04+00:00
2026-08-14T14:39:22+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই : তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ২:৩৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত
সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সবাই সরকারের সমালোচনা করতে পারেন, এমনকি সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ বা বয়ান তৈরি করলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতারই একটি অংশ। তবে রাষ্ট্রবিরোধী, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড প্রচলিত আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনটি সংশোধনের কাজ চলছে এবং এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।


তিনি আরও জানান, আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেনস্তার কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসব দিক বিবেচনা করে আইনটিতে প্রয়োজনীয় বিধান রাখা হবে। চূড়ান্ত আইন প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে এবং এর অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা রাখা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা ও নৈতিক শিক্ষা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবীর। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়ন ও আন্তঃদফতর সমন্বয় জোরদারের তাগিদ দেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সরকার  সমালোচনা  তথ্য প্রতিমন্ত্রী  ইয়াসের খান চৌধুরী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: