চরম আবহাওয়া ও যুদ্ধের জোড়া ধাক্কায় চাপে ইউরোপের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপে একের পর এক তাপপ্রবাহ, খরা ও দাবানলের সঙ্গে যোগ হয়েছে ইরান যুদ্ধের প্রভাব। এতে বিদ্যুৎ উৎপাদন, কৃষি, পরিবহন ও

2026-08-14T12:47:36+00:00
2026-08-14T12:48:05+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
চরম আবহাওয়া ও যুদ্ধের জোড়া ধাক্কায় চাপে ইউরোপের অর্থনীতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ইউরোপে একের পর এক তাপপ্রবাহ, খরা ও দাবানলের সঙ্গে যোগ হয়েছে ইরান যুদ্ধের প্রভাব। এতে বিদ্যুৎ উৎপাদন, কৃষি, পরিবহন ও জ্বালানি সরবরাহে বাড়ছে চাপ। এর ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক, চীনের প্রতিযোগিতা ও উচ্চ জ্বালানি দামের চাপে থাকা ইউরোপের অর্থনীতি আরও ঝুঁকির মুখে পড়েছে।

রেকর্ড পরিমাণ কমে গেছে দানিউব নদীর পানির স্তর। এতে রোমানিয়ার একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি বৃহস্পতিবার বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। চুল্লি ঠান্ডা রাখতে এই নদীর পানি প্রয়োজন। দেশটিতে আগস্টজুড়ে জ্বালানি জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ব্যবসা ও সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্স ও হাঙ্গেরিতেও নদীর পানির স্তর কমে যাওয়া ও অতিরিক্ত তাপমাত্রার কারণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কমাতে হয়েছে। দীর্ঘস্থায়ী খরায় ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে কমছে কৃষিপণ্যের উৎপাদন, যা খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে।

নেদারল্যান্ডসভিত্তিক ট্রায়োডোস ব্যাংকের এক হিসাব অনুযায়ী, চলতি বছর ইউরোপের তীব্র গরমের কারণে অর্থনীতিতে প্রায় ১৮০ বিলিয়ন ইউরো ক্ষতি হতে পারে। এই অঙ্ক ইউরোপীয় ইউনিয়নের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশ—যা চলতি বছরে ইইউর প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় সমান।

ব্যাংকটি বলেছে, শ্রমিকদের উৎপাদনশীলতা কমে যাওয়া সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি কৃষি, জ্বালানি ও পরিবহন খাতেও বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে।

এ সপ্তাহে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বছরের পঞ্চম তাপপ্রবাহ চলছে। ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও ইতালির কিছু এলাকায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি বছরের জুন ও জুলাইয়ে রেকর্ড উষ্ণতম সময় পার করেছে। অতিরিক্ত গরমের কারণে প্যারিসের আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘরও কোনো কোনো দিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে হয়েছে।

ইউরোপের গুরুত্বপূর্ণ নদীগুলোর পানির স্তরও আশঙ্কাজনকভাবে কমে গেছে। জার্মানিতে রাইন নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমেছে। শিল্পপণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে পানি কমে যাওয়ায় দেশটির চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধি ০.৩ শতাংশীয় পয়েন্ট কমে যেতে পারে বলে জানিয়েছে ব্যাংক আইএনজি।

জার্মানির রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান বিএএসএফ জানিয়েছে, রাইনের পানির স্তর কমে যাওয়ায় প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। ফলে কিছু রাসায়নিক পণ্যের অর্ডার সময়মতো সরবরাহ করতে না পারার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পণ্য পরিবহনে ট্রাক ও রেলপথের ব্যবহার বাড়ানো হচ্ছে। অগভীর পানিতে চলতে পারে— এমন জাহাজও ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

গ্রীষ্মের তীব্র গরমের পাশাপাশি ইউরোপের সামনে রয়েছে শীতকালীন জ্বালানি সংকটের আশঙ্কা। ইরান যুদ্ধের কারণে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। ইউরোপের বেঞ্চমার্ক গ্যাসের দাম বুধবার প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৬১ ইউরোতে উঠেছে। এক বছর আগে একই সময়ে এই দাম ছিল ৩২ ইউরো।

গ্যাস অবকাঠামো ইউরোপের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইইউর গ্যাস মজুতের পরিমাণ ছিল মাত্র ৫৯ শতাংশ। বছরের এই সময়ের তুলনায় এটি অনেক কম।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে সেখান থেকে খুব কম গ্যাসের চালান বের হচ্ছে এবং যেসব চালান যাচ্ছে, তার বেশির ভাগই এশিয়ার দিকে যাচ্ছে।

তবে বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি ২০২২ সালের মতো ভয়াবহ হওয়ার আশঙ্কা কম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা অনেকটাই কমিয়েছে এবং সামগ্রিক গ্যাসের ব্যবহারও কমেছে।

তবু হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে ইউরোপে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ফলে চরম আবহাওয়া ও ইরান যুদ্ধ— দুই দিকের চাপই ইউরোপের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  অর্থনীতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: