প্রস্তাবিত ফিফা বিশ্বকাপের বেসরকারিকরণ বা মালিকানার অংশ বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সার্বিক প্রশাসনিক পদ টিকিয়ে রাখলেও আগামী নির্বাচনের প্রাক্কালে ফুটবলের অভ্যন্তরীণ রাজনীতির হিসাব-নিকাশে সদস্য দেশগুলোর মাঝে তৈরি হয়েছে গভীর মেরুকরণ।
একদিকে ৬টি প্রভাবশালী আরব দেশ তাঁর প্রতি ‘পূর্ণ সমর্থন’ ও আস্থা বজায় রাখার ঘোষণা দিয়েছে, অন্যদিকে নিউজিল্যান্ড ফুটবল আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।
ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি প্রদানকারী ছয়টি আরব ফুটবল ফেডারেশন হলো— মরক্কো, কাতার, মিসর, মৌরিতানিয়া, লেবানন ও সুদান। তাদের বিবৃতিতে বলা হয়, "আমরা বিশ্বজুড়ে ফুটবলের অগ্রগতি, বিভিন্ন অঞ্চলে খেলাটির সুযোগ-সুবিধা বাড়ানো এবং মানুষে মানুষে সামাজিক সংযোগ তৈরি করার ক্ষেত্রে জিয়ান্নি ইনফান্তিনোর নিরলস ভূমিকা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করছি।"
ঠিক বিপরীত মেরুতে অবস্থান নিয়ে শুক্রবার এক কড়া বার্তা দিয়েছে নিউজিল্যান্ড ফুটবল। তারা জানায়, ফিফার সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্তের দরুন ফুটবলের আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় ধরনের আস্থার সংকট দেখা দিয়েছে। সার্বিক প্রশাসনিক সুশাসন, জবাবদিহি এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে অবিলম্বে একটি স্বাধীন পর্যালোচনার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, ইনফান্তিনো ২০ বিলিয়ন ডলারের বিনিময়ে বিশ্বকাপের একটি বড় অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিলে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথ এক খোলা চিঠিতে এই পদক্ষেপকে ‘প্রতারণা ও চরম বিশ্বাসভঙ্গ’ বলে অভিহিত করে।
উয়েফা এমনকি ফিফার সব ধরণের ইভেন্ট বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দেয়। পরবর্তীতে তীব্র বিরোধিতা ও আপত্তির মুখে তিনি এই প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হন এবং মরক্কোর রাবাতে আয়োজিত জরুরি বৈঠকে নিজের ভুলের কথা স্বীকার করে সাময়িকভাবে স্বস্তি অর্জন করেন।
সময়ের আলো/জেডি