আজ প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। আজ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সন্ধ্যা ৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রতিটি সিনেমার টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। এর আগে গত ৯ থেকে ১১ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব একাল-সেকাল।
তিন দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হয় ছয়টি সিনেমা। উন্মুক্ত এই উৎসবে দর্শকদের আগ্রহ পরিলক্ষিত হয়েছে বেশ। দর্শকের এমন আগ্রহের প্রতি সম্মান জানিয়ে এবার দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামী দিনেও এ ধরনের প্রদর্শনী শিল্পকলার নিয়মিত কর্মসূচি হিসেবে চলমান রাখার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দীপক কুমার গোস্বামী বলেন, ‘ আমরা ইতিমধ্যে এ বিষয়ে একটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আজ প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে শিল্পকলায় সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আমরা পরিকল্পনা করছি সপ্তাহে অন্তত এক দিন সিনেমা প্রদর্শনীর আয়োজন করতে। ঢাকার বাইরেও সারা দেশের শিল্পকলাগুলোতে পর্যায়ক্রমে সিনেমা প্রদর্শনীর কার্যক্রম চালু করা হবে।’
জানা গেছে, আজকের প্রদর্শনী থেকে প্রাপ্ত পুরো টাকা দেওয়া হবে প্রযোজনা প্রতিষ্ঠানকে। পরবর্তী সময়ে নীতিমালা চূড়ান্ত হলে টিকেট বিক্রির ৭০ ভাগ টাকা পাবেন প্রযোজকরা, ৩০ ভাগ যাবে শিল্পকলা একাডেমিতে।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও