সরকারদলীয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে যেকোনো মুহূর্তে। এমন কথা স্বয়ং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই জানিয়েছেন। বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে শুক্রবার। তারা সামাজিকমাধ্যমে বিদায়ি বার্তা জানান দিয়েছেন। কর্মী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেও তারা বিদায়ি বক্তব্য রেখেছেন।
এখন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অপেক্ষায় আছেন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে। আর নেতৃত্বের পদপ্রত্যাশীরা শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের নাম ও সংগঠনে তার অবদান জানান দিতে নানা মাধ্যমে চেষ্টা করছেন। সবাই প্রধানমন্ত্রীর নিকটজন ও ঘনিষ্ঠ নেতার কাছে তদবির করছেন। বিশেষ করে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্বারস্থ হচ্ছেন বেশিরভাগ পদপ্রত্যাশী।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের সুপার ফাইভ অর্থাৎ শীর্ষ ৫ জন নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংগঠনের দফতর সম্পাদক ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর সাক্ষাতে ডাক পান। আধা ঘণ্টার ওই সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যান আওয়ামী লীগ শাসনামলে ও চব্বিশের আন্দোলনকালে সংগঠনের ভূমিকার জন্য ছাত্রদলকে ‘ধন্যবাদ’ দিয়েছেন বলে ওই বৈঠকে অংশ নেওয়া দুজন ছাত্রদলনেতা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেছেন, বিদায়ি নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্তমান নেতৃত্ব থেকে বিদায় নেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতের পর ছাত্রদলের নতুন কমিটি শিগগির আসতে পারে বলেও ইঙ্গিত পেয়েছেন সংগঠনটির নেতারা।
একই সঙ্গে বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব বের করে আনতে হবে। নেতৃত্বের জট সৃষ্টি করা যাবে না। নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার পক্ষে মত দিয়ে কমিটি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
গতকাল সংগঠনের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির ফেসবুক পোস্টেও এমন আভাস দিয়েছেন। রাকিব তার পোস্টে দিয়েছেন বিদায়ের বার্তা। লিখেছেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। ‘নতুন জীবন’ শুরু করতে চাওয়ার কথা বলেছেন ছাত্রদল সভাপতি; নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবে, রাখলেন সেই প্রতাশাও।
গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাতের বিষয়ে মধ্যরাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সময়ের আলোকে বলেন, তারা রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির বিষয়ে তাদের অবহিত করেন। তিনি এই বার্তাও দেন, শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি আসবে।
গতকাল বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায় ছাত্রদলের ঢাবিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ভিড়। জুমা পড়েই তারা সাধারণ সম্পাদক নাছিরের সঙ্গে কুশল বিনিময় করছেন। কেউ কেউ ছবি তুলে ফ্রেমবন্দি করছেন। অনেকে আবেগের কথাও বলেছেন।
স্মৃতিচারণা করেন বর্তমান কমিটির কর্মকাণ্ড ও আন্দোলনের বিভিন্ন কঠিন সময়ের। আর পদপ্রত্যাশীরা ব্যস্ত টেলিফোন আলাপে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করছেন।
২০২৪ সালের ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের এ কমিটি করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীনকে দায়িত্ব দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কমিটির একাধিক নেতার ভাষ্য, বর্তমান কমিটি ও নতুনদের মধ্যে মিলিয়ে অন্তত ১০ জনের বেশি নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে উদগ্রীব। এরই মধ্যে তাদের অনেকেই আবার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও