ডেটিং অ্যাপে দীর্ঘদিন সঙ্গী খুঁজেও কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে এবার বাস্তব জীবনে প্রেমের সন্ধান করছেন অনেক সিঙ্গেল। আর সেই তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে সুপারশপ। ফিনল্যান্ডে বাজার করতে গিয়ে অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হওয়ার অভিনব উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে রাখা হয়েছে বিশেষ গোলাপি শপিং ঝুড়ি। সাধারণ ঝুড়ির বদলে কেউ গোলাপি ঝুড়ি হাতে নিলে ধরে নেওয়া হচ্ছে, তিনি অবিবাহিত এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী।
এই উদ্যোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা ভিডিও ও আলোচনা। অনেকের মতে, ডেটিং অ্যাপের সাজানো প্রোফাইল ও ভার্চুয়াল কথোপকথনের চেয়ে এমন উদ্যোগে মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে পরিচিত হওয়ার সুযোগ বেশি।
সুপারশপে প্রেম খোঁজার প্রবণতা অবশ্য নতুন নয়। ২০২৪ সালে স্পেনে সিঙ্গেলদের মধ্যে এমন একটি ট্রেন্ড ভাইরাল হয়েছিল। সেখানে শপিং ট্রলিতে উল্টো করে আনারস রাখার মাধ্যমে সম্পর্কের প্রতি আগ্রহের সংকেত দেওয়া হতো। সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়কে অনেকে অনানুষ্ঠানিক ‘ডেটিং আওয়ার’ হিসেবেও ব্যবহার করতেন।
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে বড় কারণ ‘ডেটিং অ্যাপ ফ্যাটিগ’। দীর্ঘদিন অ্যাপে অসংখ্য প্রোফাইল দেখা ও একই ধরনের কথোপকথনে ক্লান্ত হয়ে অনেকে এখন বাস্তব জীবনের যোগাযোগে ফিরতে চাইছেন।
ফলে ভবিষ্যতে প্রেমের নতুন ঠিকানা হিসেবে ডেটিং অ্যাপের পাশাপাশি সুপারশপও আলোচনায় থাকতে পারে।
সময়ের আলো/এমকে