হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে মামলায়। শুক্রবার (১৪ আগস্ট) চুনারুঘাট থানায় মামলাটি করা হয়। মামলাটির বাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, মামলাটি ১৪ আগস্ট চুনারুঘাট থানায় ২৬ নম্বর হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)-এর (ঙ), (১০) ও (১২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৪ আগস্ট রাত দেড়টার দিকে চুনারুঘাট থানাধীন ১০ নম্বর মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। আসামীরা ষড়যন্ত্র করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার পরিকল্পনা করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার। ইতোমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামীরা হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহসভাপতি মো. রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আলী, সাইফুল ইসলাম রুবেল ও সজল দাশ।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সভাপতি রাসেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরতুজ সরদার এবং উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল।
এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আরও ৫১ নেতাকর্মীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সময়ের আলোকে জানান, মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/আতা