নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনও সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
মুখ্য সচিব বলেন, ‘১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও, সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।’
এবিএম আব্দুস সাত্তার বলেন, ‘সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকার কারণে বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ শেষ হচ্ছে আজ। এ বিষয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলেন তিনি। এছাড়া, মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন মুখ্য সচিব।
সময়ের আলো/মহু