গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের অভিযোগ হত্যা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে মুন্নি আক্তার সাগরিকা (২০) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে রহস্য। স্বামীর নির্যাতনে সইতে না পেরে এটি

2026-08-16T22:00:06+00:00
2026-08-16T22:00:06+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের অভিযোগ হত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ পিএম 
বাম থেকে নিহত গৃহবধূ মুন্নি আক্তার সাগরিকা ও অভিযুক্ত স্বামী মনির হোসেন। ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে মুন্নি আক্তার সাগরিকা (২০) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে রহস্য। স্বামীর নির্যাতনে সইতে না পেরে এটি আত্মহত্যা নাকি স্বামী কর্তৃক হত্যাকাণ্ড তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। অভিযোগ করা সত্ত্বেও অপমৃত্যুর মামলা রেকর্ড করতে সাগরিকার বাবার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ বলছে, ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে হত্যা মামলা হিসেবে গ্রহণের কথা।

পরিবারের অভিযোগ ও সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার চর গোরকপুর গ্রামের দরিদ্র পিতা মমতাজ হোসেনের কন্যা মুন্নি আক্তার সাগরিকা গার্মেন্টসে কাজ করতেন। একই গার্মেন্টে কাজ করতেন নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের নদীরপাড় এলাকার বাসিন্দা মৃত শামছুল হকের ছেলে মনির হোসেন ওরফে আবু সামা (৩৫)। গার্মেন্টে কাজের সূত্র ধরে দু’জনের পরিচয় ও প্রেমের সম্পর্ক বছরখানেক আগে গড়ায় বিয়েতে।

প্রথমে সাগরিকার পরিবার এ বিয়ে মেনে না নিলেও কয়েক মাস আগে মেনে নেন তারা। সাগরিকা ও আবু সামা দম্পতি চলে আসেন ফকিরপাড়ায়। ফকিরপাড়ায় যাওয়ার পরে সাগরিকা জানতে পারেন, স্বামী আবু সামা এর আগে তিনটি বিয়ে করেছে এবং পারিবারিক নানা কলহে সেসব সংসার টেকেনি। সতিনের একটি ছেলেও পান সাগরিকা। এরই মাঝে মাদকাসক্ত আবু সামা শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকা আনতে চাপ প্রয়োগ করলে শুরু হয় পারিবারিক কলহ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে আবু সামা তার শ্বশুরকে ফোন করে প্রথমে স্ট্রোক করে সাগরিকার মৃত্যুর খবর জানায়। মাঝরাতে পুলিশ নিয়ে সাগরিকার পরিবারের লোকজন আবু সামার বাড়িতে হাজির হলে দেখতে পান আবু সামা নিজেই স্ত্রী সাগরিকার নিথর দেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেঝেতে রেখে দিয়েছে। পরে পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


এদিকে, পুলিশ এবং স্বজনেরা পৌঁছার আগেই সাগরিকার মরদেহ নামিয়ে ফেলা এবং আত্মহত্যার বিষয়ে সন্দেহ তৈরি হওয়ায় সাগরিকার বাবা মমতাজ কন্যাকে হত্যার অভিযোগ তোলেন। পুলিশ আবু সামাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়ে একটি অপমৃত্যু সংক্রান্ত আবেদনে মমতাজের স্বাক্ষর নিয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেন।

আবু সামার প্রতিবেশীরা একে হত্যাকাণ্ড বলে সংশয় প্রকাশ করে জানান, এটি আত্মহত্যা হয়ে থাকলেও তা আবু সামার কারণেই হতে পারে। আবু সামা একজন মাদকাসক্ত এবং এর আগেও পরপর তিনটি বিয়ে করলেও তার আচার-আচরণে একজন স্ত্রীও টেকেনি। মৃত্যুর একদিন আগেও তাদের মাঝে ঝগড়া হয়েছে বলে জানান প্রতিবেশীরা।

সাগরিকার স্বজনেরা জানান, পারিবারিক কলহের কারণে আবু সামা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। এ বিষয়ে আমরা পুলিশকে মৌখিকভাবে জানানোর পরও অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তার আলামত পাওয়া গেলে তা হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।

এদিকে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা হয়ে থাকলেও আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে কেন নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ জানান, যেহেতু অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়ে গেছে। তাই এখন আর সুযোগ নেই। তবে ময়নাতদন্তে হত্যার প্রমাণ পেলে হত্যা মামলা হিসেবে নেওয়ার কথা জানান তিনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   গৃহবধূ  মৃত্যু  রহস্য  পরিবার  অভিযোগ  হত্যা  শেরপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: