ঢাকার কাজীপাড়া ওভারব্রিজের নিচে ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধারের মামলায় মো. রব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুর রশিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি কাফরুল থানার মিরপুর ১৪ নম্বর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভারব্রিজের নিচে সড়কে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
রাত সোয়া ১১টার দিকে পুলিশ সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় মো. রব মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ছিল ৪০ হাজার টাকা।
এ ঘটনায় কাফরুল থানার সহকারী উপপরিদর্শক মো. আবু জাহিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে একই থানার উপপরিদর্শক মো. বায়েজীদ মোস্তফা ২০১৬ সালের ৩১ মার্চ রব মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
ওই বছরের ৩ আগস্ট আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সময়ের আলো/এমকে