গত সপ্তাহে পুঁজিবাজারে পতনের ধারা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দ্বিতীয় কার্যদিবসেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। একই সঙ্গে গতি কমেছে লেনদেনেও। এর মাধ্যমে টানা চার কার্যদিবস পতনের ধারায় থাকল দেশের শেয়ারবাজার। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পাশাপাশি কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (১৭ আগস্ট) লেনদেনের শুরুতে কিছু প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়ে বিনিয়োগকারীদের আশা দেখালেও দুপুর সাড়ে ১২টার পর থেকে বাজারে এক প্রকার ঢালাও দরপতন শুরু হয়, যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩১৮টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এর মধ্যে কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৫৮টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৬টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬৭টির এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে লভ্যাংশ না দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ১টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ৩২টির দাম কমেছে এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭৫ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৩৫ কোটি ৯১ লাখ টাকা।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং, বেক্সিমকো, মালেক স্পিনিং, এম এল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, ফাইন ফুডস, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১১১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৭টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৫ কোটি ১৫ লাখ টাকা।
সময়ের আলো/প্রিন্ট/টিকে