দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর ও পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। তবে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় অবস্থান করছে।
এতে বলা হয়, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার (২২ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার (২৩ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় টেকনাফে ২২১ মিলিমিটার এবং চট্টগ্রামে ১৩৮ মিলিমিটারসহ উপকূলীয় জেলাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে, যার ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানি হ্রাস পেলেও ফেঞ্চুগঞ্জ, মারকুলি ও শরীয়তপুরের সুরেশ্বরে কিছু নদীর পানি সতর্কসীমায় অবস্থান করছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজ করছে, যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সময়ের আলো/কেএইচও