স্বল্প সময়ের ক্যারিয়ারে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন নাজনীন নীহা। রোমান্টিক গল্পে তার স্বাচ্ছন্দ্য যেমন দর্শকের প্রশংসা কুড়িয়েছে তেমনি ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। সেই ভাবনা থেকে এবার বেছে নিয়েছেন ভালোবাসার নতুন এক গল্প ‘মনের মতো মন’।
ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। এতে নীহার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান। এর আগের এই অভিনেতার সঙ্গে ‘অবুঝ পাখি’ ও ‘উইশ কার্ড’সহ একাধিক নাটকে জুটি বেঁধে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এবার দেখা যাবে মনের মতো মন-এ। সম্প্রতি প্রকাশিত এক পোস্টারে দেখা যায়, একদিকে নীহা-ইয়াশের সম্পর্কের আবহ, অন্যদিকে গল্পে তৈরি হয়েছে আবেগ ও টানাপোড়েনের ইঙ্গিত।
নাটকটির পোস্টারে লেখা হয়েছে- ‘সব সম্পর্কের ব্যাখ্যা হয় না, কিছু শুধু অনুভব করতে হয়- মনের মতো মন।’ এই একটি বাক্যই যেন গল্পের মূল আবেগের আভাস দিচ্ছে। সম্পর্কের জটিলতা, অনুভূতির টান এবং ভালোবাসার নানা অনুচ্চারিত দিক ঘিরেই নির্মিত হয়েছে নাটকটি।
প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু। চিত্রগ্রহণে নায়েম ফুয়াদ, সম্পাদনা ও রং বিন্যাসে আগুন সুভো। মনের মতো মন শিগগিরই দেখা যাবে শুধু সিএমভির ইউটিউব চ্যানেলে।
খুব বেশি কাজ না করলেও চলতি বছরেও তার অভিনীত নাটকগুলো দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে ‘যে কথা হয়নি বলা’ নাটকে দেখা গেছে তাকে। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘মায়াপাখি’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় নীহা। সম্প্রতি প্রেমের গুঞ্জনে শিরোনাম হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এনগেজড’ প্রকাশ করে রহস্য ছড়ান।
ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে এনগেজড লেখেন নীহা। চাউর হয়, দেশের বাইরে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়, যা পরবর্তী সময়ে রূপ নেয় প্রণয়ে। খবর ছড়ায় বাগদানের। দুই পরিবারের সম্মতিতে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও গুঞ্জন ওঠে।
তবে বিষয়টি অস্বীকার করে ব্যক্তিজীবনে সম্পর্কে জড়ানোর কথা জানান নীহা। বলেন, আমি এখন আর সিঙ্গেল না। কোনো একভাবে, কোনো এক জায়গায় আমি এখন এনগেজড। কিন্তু তার নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। সময় হলে সব প্রকাশ করা হবে বলে জানান।
সময়ের আলো/প্রিন্ট/জেডি