সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে স্কেল নিয়ে চলমান আলোচনার মধ্যেই আশির দশকের সিনেমার জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘অবুঝ হৃদয়’ সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর। আর পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন জাফর ইকবাল ও ববিতা।
মূলত হাস্যরসের উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করছেন নেটিজেনরা। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে, এই অনিশ্চয়তার সঙ্গে গানটির ‘কেউ জানে না’ কথাগুলো মিলে যাওয়ায় এটি নতুন করে আলোচনায় এসেছে। পে স্কেল কবে চূড়ান্ত হবে, সেই ‘কবে’ প্রশ্নকে ঘিরেই গানটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
মজার ছলে ফারুক সাকিব গানটি শেয়ার করে লিখেছেন, ‘পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিন এই খবর প্রকাশ পায়।’ অন্যদিকে রুবেল মাহমুদ লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’
উল্লেখ্য, ‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে ভাইরাল হলেও ইউটিউবেও গানটির জনপ্রিয়তা রয়েছে। এরই মধ্যে গানটি প্রায় ১ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। সম্প্রতি গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের সঙ্গে ‘কেউ জানে না’ অংশটি আবারও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রসঙ্গত, পে স্কেল নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য ও সম্ভাবনার খবর প্রকাশিত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই অনিশ্চিত পরিস্থিতিকে রসিকতার মাধ্যমে তুলে ধরতেই অনেকে পুরোনো এই গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
সময়ের আলো/ইউএমএইচ