আসন্ন আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচের পর এবার বিশ্বকাপে নজরকাড়া আফ্রিকার দেশ কেপ ভার্দেকে আতিথেয়তা দেওয়ার পরিকল্পনা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
ফেডারেশন সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারতের বিপক্ষে কেপ ভার্দেন একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের পর ভারতে পা রাখবে আফ্রিকান দেশটি।
প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলে সারা বিশ্বকে চমকে দেওয়া কেপ ভার্দে টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নেয়। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা দলটি গ্রুপ পর্বে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও লাতিন পরাশক্তি উরুগুয়ের মতো দলগুলোকে আটকে দেয়। এরপর শেষ ৩২-এর ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরে দারুণ লড়াই চালায় তারা। যদিও অতিরিক্ত সময়ের গোলে বিদায় নিতে হয়েছিল তাদের।
কেপ ভার্দেন এই রূপকথার পেছনের মূল কারিগর ছিলেন তাদের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে একের পর এক অবিশ্বাস্য সেভ করে টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রস্তাবিত এই সফরটি চূড়ান্ত হলে ভারতীয় সমর্থকরা মাঠেই এই তারকা গোলরক্ষক ও তাঁর দলের লড়াই উপভোগ করতে পারবেন।
সময়ের আলো/টিকে