ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন— এমন দাবি ছড়িয়ে পড়েছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে। তবে সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তার ইসলাম গ্রহণের খবরটি আপাতত দাবির মধ্যেই সীমাবদ্ধ।
তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।
প্রতিবেদনগুলোতে বলা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয়। সেখানেই শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হচ্ছে।
তবে কার্লোস নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তার পরিবার, মুখপাত্র কিংবা অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করা হয়নি। তাই বিষয়টিকে নিশ্চিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
যে কারণে ছড়াল ইসলাম গ্রহণের খবর
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।
এক্সে দেওয়া ওই পোস্টে শাহিন জানান, ব্রাজিল সফরের সময় সাও পাওলোতে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে শেখ জিহাদ হামাদার সঙ্গেও তার দেখা হয়।
শাহিনের দাবি, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন সাবেক এই ফুটবলার।
পোস্টে কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করেন শাহিন।
এর মধ্যে সামনে আসে কার্লোসের বিয়ের খবর
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি সামনে আসার সময়ই তার বিয়ের ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সোহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন তিনি।
সোহাইলা পেশায় একজন ফিফা-লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের পেশাদার ক্যারিয়ার ব্যবস্থাপনার পাশাপাশি ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পেও কাজ করেন তিনি।
তবে তাদের বিয়ে সাম্প্রতিক কোনো ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেই বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত ১৭ আগস্ট সেই অনুষ্ঠানের কিছু ছবি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, শুরুতে পেশাগত সূত্রে তাদের পরিচয়। পরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। বর্তমানে ফুটবল খেলোয়াড়দের ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয় ব্যবস্থাপনায় তারা একসঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন বলেও জানা গেছে।
নিশ্চিত হওয়ার অপেক্ষায়
রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল ও ফেনারবাহচের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত। ফলে তার ইসলাম গ্রহণের খবর স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে এখন পর্যন্ত এ খবরের ভিত্তি মূলত তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং তুরস্কের এমপি আলি শাহিনের বক্তব্য। রবার্তো কার্লোসের নিজের কোনো সরাসরি বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
তাই মরক্কোর বংশোদ্ভূত নারীকে বিয়ের পর রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন— এমন দাবি ছড়িয়ে পড়লেও তার নিজের পক্ষ থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরটিকে নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না।
সময়ের আলো/কেএইচও