বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল সানির সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৯ আগস্ট) এক বার্তায় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল সানির সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন, যা সামগ্রিক অঞ্চল এবং এর বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর অর্পিত দায়িত্ব সফলভাবে পালনে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বার্তায় বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনাকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে অভিহিত করেন এবং আশ্বাস দেন যে, বিশেষ করে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ড. খলিলুর রহমান উভয় পক্ষের সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বার্তায় আরও বলা হয়, পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সাথে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/টিকে