ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় আগামী ২৪ আগস্ট ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে নুসরাতের শ্লীলতাহানি করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় মামলা ও গ্রেফতারের পর মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গুরুতর দগ্ধ নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই বছরের ২৯ অক্টোবর মামলার নথিপত্র ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে পৌঁছে। আসামিরাও পৃথক আপিল ও জেল আপিল করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোছা. রোহানী সিদ্দীকা। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ তাজুল ইসলাম ও মুহাম্মদ শিশির মনির।
সময়ের আলো/এমকে