মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট

জাতীয়

রাজধানীর সড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর ট্রাফিক ক্যামেরায় দ্রুত নম্বর শনাক্তের উদ্দেশ্যে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট সংযোজনের উদ্যোগ নিয়েছে

2026-08-20T18:04:00+00:00
2026-08-20T18:04:00+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম 
ঢাকায় নিয়ম ভেঙে ফুটপাথ দিয়ে চলছে মোটরসাইকেল। সংগৃহীত ছবি
রাজধানীর সড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর ট্রাফিক ক্যামেরায় দ্রুত নম্বর শনাক্তের উদ্দেশ্যে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নকশা, বাতাসের চাপ ও ইঞ্জিনের নিরাপত্তার মতো বেশ কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক সভায় বাইকের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএমপি ও বিআরটিএকে দায়িত্ব দেওয়া হয়।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে দেশে চলাচলকারী বেশিরভাগ মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট বসানোর নির্দিষ্ট কোনো জায়গা নেই। 

ফলে নতুন করে প্লেট সংযোজন করলে মোটরসাইকেলের নকশা, বায়ুপ্রবাহ ও নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিআরটিএ।  

বিআরটিএ এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিতে গত ১৩ আগস্ট সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে নম্বর প্লেটের আকার, সংযোজনের স্থান এবং এআই ক্যামেরায় সেটি কার্যকরভাবে শনাক্ত করা সম্ভব কি না—এসব বিষয় যাচাই করতে বলা হয়েছে। 

কমিটিতে বিআরটিএ, ডিএমপির ট্রাফিক বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, মোটরসাইকেল উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

বিআরটিএর মতে, বর্তমানে দেশে নিবন্ধিত প্রায় ৫০ লাখ মোটরসাইকেলের সিংহভাগ মডেলেই সামনে নম্বর প্লেট বসানোর নির্দিষ্ট জায়গা নেই। 


বিশেষজ্ঞদের মতে, হেডলাইট বা রেডিয়েটরের সামনে প্লেট বসালে বায় প্রবাহ বাধাগ্রস্ত হয়ে উচ্চগতিতে নিয়ন্ত্রণ হারানো বা ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া এটি কি শুধু নতুন বাইকে কার্যকর হবে নাকি পুরোনো বাইকেও প্রযোজ্য হবে— তা এখনো অস্পষ্ট।

রাজধানীতে গত ৭ মে থেকে চালু হওয়া পিটিজেড ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নম্বর প্লেটের পাশাপাশি বিআরটিএর আরএফআইডি চিপের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মোটরসাইকেল শনাক্তকরণ আরও সহজ ও ঝুঁকিমুক্ত হতো। 

বিআরটিএ গঠিত কমিটির চূড়ান্ত রিপোর্টের পরই সামনে নম্বর প্লেট বসানোর বিষয়টি চূড়ান্ত রূপ পাবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মোটরসাইকেল  সামনে  নম্বর প্লেট  বিআরটিএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: