ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় এক আসামির ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পর্কে তারা বাবা-ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মালিয়াটি গ্রামের ইউনুস আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী (২২)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুস আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ শেষে আল-আমিনকে ফাঁসি ও ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ছেলেকে ৫০ হাজার ও বাবাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, ‘আমার বাবাকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, তাদের আজ দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমি এই রায়ে খুশি। দ্রুত এই রায় বাস্তবায়ন করা হোক। যাতে আর কোনো সন্তান তার বাবাকে না হারায়, আমার মতো আর কেউ যেন এতিম না হয়।’
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালিব বলেন, ‘মামলার রায়ে আমরা খুশি নই। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।’
সময়ের আলো/মহু