শেরপুরের নালিতাবাড়ীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নে পূর্ব কাপাশিয়া তেলের পাম্প সংলগ্ন এলাকার জলাশয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ মৎস্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছের প্রজনন ও জীব-বৈচিত্র রক্ষার স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা