চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে শুক্রবার (২১ আগস্ট) হাসপাতালটিতে মোট ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসাধীন ৫২ রোগীর মধ্যে ২৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৭ শিশু রয়েছে। শিশুদের মধ্যে ৬ জন ছেলে ও ১ জন মেয়ে।
নতুন ভর্তি হওয়া ৩৯ রোগীর মধ্যে ২৩ জন পুরুষ, ১৩ জন নারী ও ৩ শিশু। শিশুদের মধ্যে ১ জন ছেলে এবং ২ জন মেয়ে। নতুন শনাক্তদের মধ্যে ১৭ জন হাসপাতালের বহির্বিভাগে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৩৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৮ জন নারী ও ৪ শিশু রয়েছে। শিশুদের মধ্যে ১ জন ছেলে ও ৩ জন মেয়ে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য একজন নারী রোগীকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি।
২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান বলেন, বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণও মজুত রয়েছে।
চিকিৎসক সংকট থাকলেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বহির্বিভাগে আরও ৩১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সময়ের আলো/জেডি