ঝুঁকি এড়িয়ে নামছে কামিন্সরা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর এবার ঘুরে দাঁড়ানোর ম্যাচ অস্ট্রেলিয়ার। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে তাই একাদশ নিয়ে কম

2026-08-22T05:26:24+00:00
2026-08-22T05:26:24+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
খেলা
ঝুঁকি এড়িয়ে নামছে কামিন্সরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২৬ এএম 
সকালে এই পিচেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে পিচ পরখ করে নিচ্ছেন দলটির কোচ ও অধিনায়ক। ছবি : এক্স
ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর এবার ঘুরে দাঁড়ানোর ম্যাচ অস্ট্রেলিয়ার। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে তাই একাদশ নিয়ে কম নাটক হয়নি। যে দল সাধারণত ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই একাদশ জানিয়ে দেয়, সেই অস্ট্রেলিয়াকেই এবার শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রাখতে হয়েছে। একপর্যায়ে অজি গণমাধ্যমে খবর আসে, টসের সময়ই ঘোষণা করা হতে পারে একাদশ। ভাবনাটা ছিল অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নকে বাইরে রেখে চার পেসারে নামারও। শেষ পর্যন্ত অবশ্য সেই ঝুঁকি নেয়নি স্বাগতিকরা। উইকেট ও কন্ডিশন পর্যালোচনার পর লায়নকেই একাদশে রেখে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে অধিনায়ক প্যাট কামিন্স জানান, চার পেসার নাকি একজন স্পিনার, সেটি নিয়েই মূল আলোচনা চলছিল। সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘আরও এক দিন অপেক্ষা করে দেখার চেষ্টা করছি, চারজন পেসার নাকি একজন স্পিনার খেলবে। মূলত কন্ডিশনের ওপরই বিষয়টি নির্ভর করছে। প্রথম ইনিংসে দ্রুত ১০ উইকেট নেওয়ার ভালো সুযোগ থাকলে এবং চতুর্থ ইনিংসে উইকেট খুব বেশি ভাঙবে না মনে হলে সিদ্ধান্তটা সেদিকেই যেতে পারে।’

লায়নকে বাদ দেওয়ার আলোচনার সঙ্গে স্কট বোলান্ডের বিষয়টিও জড়িত বলে জানান কামিন্স। তবে শুক্রবার অনুশীলনের সময় কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড উইকেট আরও ভালোভাবে পর্যালোচনা করার পর শেষ পর্যন্ত লায়নকে রাখার সিদ্ধান্তই হয়েছে।

ডারউইন টেস্টে লায়নের পারফরম্যান্স অবশ্য আশানুরূপ ছিল না। প্রথম ইনিংসে ৩১ ওভারে ১০২ রান দিয়ে পেয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ৬২ রানে থাকা অবস্থায় স্টিভ স্মিথ ক্যাচটি নিতে পারলে তার পরিসংখ্যান আরও ভালো হতে পারত।

এদিকে বাংলাদেশের কাছে হারের পরও দল নিয়ে আত্মবিশ্বাসী কামিন্স। তিনি বলেন, ‘আমরা যদি খুব ভালো খেলেও হেরে যাই, তখন আত্মবিশ্লেষণ করতে হয়। কিন্তু আমি মনে করি গত ম্যাচে আমরা নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং তাদের জয় প্রাপ্য ছিল। এখন আমাদের ভালো প্রস্তুতিকে মাঠের ফলাফলে রূপ দিতে হবে।’

দ্বিতীয় টেস্টে জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় ম্যাট রেনশকে ওপেন করানোর বিষয়টিও নিশ্চিত করেছেন কামিন্স। সাম্প্রতিক সাদা বলের ক্রিকেটে রেনশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেছেন বলেও জানান তিনি। মার্নাস লাবুশেনের প্রতিও অধিনায়কের বার্তা, নতুন করে কিছু করার প্রয়োজন নেই। সে বিশ্বের এক নম্বর ব্যাটার ছিল, কিংবা তার কাছাকাছি ছিল। হাজার হাজার টেস্ট রান করেছে। আমরা জানি তার সামর্থ্য আছে। গত ছয় মাসের পরিশ্রমের ওপর আস্থা রাখতে হবে।

আর বাদ পড়া ওয়েদারাল্ডকে নিয়ে কামিন্স বলেন, ‘তার জন্য বিষয়টি সত্যিই কঠিন। দলের সঙ্গে সে দারুণ ছিল। কিন্তু ছয় টেস্টে সে কিংবা আমরা যত রান চেয়েছিলাম, সে তা করতে পারেনি। এখন ফিরে গিয়ে আবার দরজায় কড়া নাড়তে হবে। আশা করি পুরো শেফিল্ড শিল্ড মৌসুম খেলবে এবং দেখাবে, এই প্রতিযোগিতায় তার চেয়ে ভালো আর কেউ নেই।’

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   ঝুঁকি  কামিন্স  ডারউইন  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: