চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজ বাসায় পিস্তল দিয়ে মাথায় গুলি করে শাহিদ হোসেন নামে এক সাবেক ব্যাংকার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২২ আগস্ট) সকালে হাজীপাড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, তিনি ব্যাংকে কর্মরত ছিলেন। তবে বিগত দুই বছরে তিনি কোনো চাকুরিতে নিযুক্ত ছিলেন না৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, সকাল ৮টার দিকে শাহিদ হোসেনকে হাসপাতালে আনা হয়। তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, বাসার ড্রয়িংরুমে শাহিদ নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডবলমুরিং থানার এসআই মো. আব্দুল গফুর জানান, শাহিদ হোসেন আগে একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় দুই বছর ধরে তিনি চাকরিতে ছিলেন না। চাকরি ছাড়ার পর তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, কাজকর্ম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে যে পিস্তল দিয়ে তিনি আত্মহনন করেছেন সেটি কার এ বিষয়ে আমরা এখনো তথ্য সংগ্রহ করতে পারিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) খায়রুল বাশার জানান, ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পরপরই শাহিদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
তবে ঘটনার প্রকৃত কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
সময়ের আলো/আতা