ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পরে বাড়ির পাশের ডোবার কচুরিপানার নীচ থেকে নায়েব আলী (৬০) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে, তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতো ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে চাষকৃত কলা বাগানে যান নায়েব আলী । এর পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। তবে কলা বাগান ও ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চ লাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়।
পরে তার ব্যবহৃত জিনিসপত্রের সূত্র ধরে শুক্রবার বাড়ির পাশে কচুরিপানা ভরপুর ডোবায় খুঁজতে গিয়ে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, নায়েব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় লাশ ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো কালো দাগ দেখা গেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
সময়ের আলো/আতা