আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দুই দিন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রোববার (২৩ আগস্ট)

2026-08-23T15:33:48+00:00
2026-08-23T15:33:48+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, কারখানায় ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দুই দিন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে কাজে যোগ দেওয়ার পর কয়েক দফায় নারী শ্রমিকসহ ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার কারণে কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, এদিন প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে উপস্থিত ছিলেন। সকাল ৭টার পর কয়েকজন অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনকে বেপজা মেডিকেল সেন্টার, স্থানীয় হাসপাতাল এবং নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এর আগে শনিবার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ার দাবি করেন শ্রমিকরা। তাদের কয়েকজন চিকিৎসা নেওয়ার পর ওই দিন নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়।

টানা দুই দিনের ঘটনায় শ্রমিকদের মধ্যে ‘ভূত দেখার’ গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ ও বেপজা কর্মকর্তারা এমন দাবিকে অসুস্থতার কারণ হিসেবে মানছেন না। সম্ভাব্য কারণ হিসেবে প্রচণ্ড গরম, কর্মপরিবেশ ও বায়ু চলাচলের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।


ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। এরপর অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি দেওয়া হয়। শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রমিকদের মধ্যে ভূত দেখার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে- সে প্রসঙ্গে বিল্লাল হোসেন বলেন, কয়েকজন শ্রমিক এ ধরনের কথা বলছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এ ধরনের বিষয়কে বিশ্বাস করছে না। কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন এবং কী কারণে এমনটি হচ্ছে- তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বেপজার কর্মকর্তারা জানান, কারখানাটি সরেজমিন পরিদর্শন করে দম বন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধের মতো কোনো প্রত্যক্ষ সমস্যা পাওয়া যায়নি। শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায় রোববার কারখানাটি বন্ধ রাখা হয়েছে। অসুস্থতার প্রকৃত কারণ শনাক্তে তদন্ত চলছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   আদমজী  ইপিজেড  ভূত  আতঙ্ক  কারখানা  ছুটি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: