পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার এ তথ্য জানিয়েছেন।
বাঘাই জানান, আসিম মুনির একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা এগিয়ে নেওয়াই এ সফরের মূল লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টার মধ্যেই আসিম মুনিরের এই তেহরান সফর হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সময়ের আলো/কেএইচ