ফ্যামিলি কার্ড পরীক্ষায় উত্তীর্ণদের নম্বর প্রকাশ, প্রতারণার অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মুঠোফোন নম্বর প্রকাশের পর প্রতারণার অভিযোগ উঠেছে। অপরিচিত নম্বর থেকে ফোন

2026-08-24T13:06:01+00:00
2026-08-24T13:07:28+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ড পরীক্ষায় উত্তীর্ণদের নম্বর প্রকাশ, প্রতারণার অভিযোগ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১:০৭ পিএম
ফ্যামিলি কার্ড। ছবি : সংগৃহীত
মাদারীপুরের শিবচরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মুঠোফোন নম্বর প্রকাশের পর প্রতারণার অভিযোগ উঠেছে। অপরিচিত নম্বর থেকে ফোন করে সমাজসেবা কার্যালয়ের পরিচয় দিয়ে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য ও গুগল ভেরিফিকেশন কোড চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন উত্তীর্ণ ব্যক্তি। এর মধ্যে এক নারীর জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

ফ্যামিলি কার্ডসংক্রান্ত পরীক্ষা ২৯ জুলাই শেষ হয়। পরে ৯ আগস্ট ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত মুঠোফোন নম্বরও প্রকাশ করা হয় বলে জানা গেছে। এরপরই কয়েকজন উত্তীর্ণ ব্যক্তির কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসার অভিযোগ পাওয়া যায়।

প্রতারণার শিকার রোমানা আক্তার জানান, কয়েক দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করে বলা হয়, সমাজসেবা কার্যালয় থেকে ফোন করা হয়েছে। এরপর কৌশলে তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য নেওয়া হয়। পরে তার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোও হ্যাক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।


শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষায় উত্তীর্ণ রিতা আক্তারও প্রতারণার চেষ্টার অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে আমাকে জানানো হয়, আমি নিয়োগপ্রাপ্ত হওয়ায় ১০ হাজার টাকা পাব। এ জন্য আমার ব্যাংক হিসাবের নম্বর চাওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে পরে ব্যাংক হিসাবের নম্বর দেওয়ার কথা জানাই। এরপর খোঁজ নিয়ে জানতে পারি, এটি প্রতারক চক্রের কাজ।’

পরীক্ষায় উত্তীর্ণ হুমায়রা ইসলাম ওহি বলেন, ‘এটা একটা চক্র। ওরা হয়ত সবাইকেই কল দিচ্ছে। আমাকে গুগল ভেরিফিকেশন কোড দিতে বলেছিল। আমি কোনো ভেরিফিকেশন কোড দিইনি। আমি বলেছি, আগে সমাজসেবা অফিসে যাব। গিয়ে দেখব, তারা সত্যিই কল দিয়ে এসব তথ্য চায় কি না। তারপর আমি নিজে আপনাকে কল দিয়ে সব তথ্য দেব।’

তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ রুবেল ফরাজি বলেন, ‘ফলাফল প্রকাশের সময় উত্তীর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত মুঠোফোন নম্বর প্রকাশ করা ঠিক হয়নি। এতে প্রতারকদের কাজ সহজ হয়ে গেছে। প্রকাশিত নম্বর ব্যবহার করে তারা সহজেই উত্তীর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারেন।’

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান সময়ের আলোকে বলেন, ‘ফ্যামিলি কার্ডসংক্রান্ত এমন বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। ফ্যামিলি কার্ডসংক্রান্ত যেকোনো বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। সমাজসেবা কার্যালয়ের লোকজন সরাসরি এসে তথ্য সংগ্রহ করবেন।’

ইউএনও আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সবাইকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসতে হবে। কেউ প্রতারণার শিকার হলে এবং সরাসরি অভিযোগ করলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু





  বিষয়:   ফ্যামিলি কার্ড  পরীক্ষা  উত্তীর্ণ  নম্বর  প্রকাশ  প্রতারণা  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: