সার-এলএনজি কেনায় বাড়ছে ব্যয়

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জ্বালানি ও কৃষি খাতে সরকারের ব্যয় বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিকটন

2026-08-25T04:57:53+00:00
2026-08-25T04:57:53+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
অর্থনীতি
সার-এলএনজি কেনায় বাড়ছে ব্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৫৭ এএম 
সার-এলএনজি কেনায় বাড়ছে ব্যয়। ছবি : সময়ের আলো
জ্বালানি ও কৃষি খাতে সরকারের ব্যয় বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিকটন সার কিনতে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে উচ্চ দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন এবং মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণে ৭ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৮০৮ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সার কেনার মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি। সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া কিনতে ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৮০ হাজার টন ডিএপি কিনতে দুই লটে ব্যয় হবে ৮৮৫ কোটি ৯৫ লাখ টাকা। একই প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন টিএসপি কিনতে ব্যয় হবে ৫০০ কোটি ২০ লাখ টাকা। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এমওপি কিনতে ব্যয় হবে প্রায় ৩৮০ কোটি টাকা। এ ছাড়া সৌদি আরবের মাদেন থেকে ৪০ হাজার টন ডিএপি কিনতে ব্যয় হবে ৪৪০ কোটি ৩৩ লাখ টাকা। কাফকো থেকে আরও ৩০ হাজার টন ইউরিয়া কিনতে ব্যয় হবে ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা।

আরও চড়া দামে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি : এদিকে আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনছে সরকার। এবার দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এক কার্গোর জন্য প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার। অন্য কার্গোর ক্ষেত্রে দাম প্রতি ইউনিট ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

এর আগে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ডিসেম্বরেও প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারে নিচে কিনতে পেরেছিল সরকার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজির দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।


বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম কার্গো এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণকাজে ৭ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৮০৮ টাকা বাড়ানোর (ভেরিয়েশন) অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাব অনুযায়ী সড়ক ও জনপথ অধিদফতরের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ঢাকা (যাত্রাবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ২৫২তম কিলোমিটারে মুরাই খালের ওপর ১২১ মিটার দীর্ঘ ভেল্লাপাড়া সেতু নির্মাণসহ সংযোগ সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

পাশাপাশি খাদ্য অধিদফতরের বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ (মালামাল নিরাপদে রাখতে ব্যবহৃত প্লাস্টিক বা এয়ার ব্যাগ) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টিএ এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম সংযোজনের জন্য বিশেষ ক্রয় পদ্ধতি নেওয়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো- অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর), ই-ভিসা, ই-ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ) এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম।

এ ছাড়াও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বুড়িমারী স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং বা পণ্য ওঠানো-নামানোর ম্যানুয়াল কাজের জন্য ঠিকাদার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের চুক্তিমূল্য ৪৬৪ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৮৬৪ টাকা।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   সার-এলএনজি কেনায় বাড়ছে ব্যয় 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: