হ্যাটট্রিক জয়ে টপ অ্যান্ডের শীর্ষে এইচপি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে যেন রহস্যের জাল বিছিয়ে চলেছেন মোহাম্মদ রুবেল। প্রতিটি ম্যাচেই তার ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়ছে প্রতিপক্ষের ব্যাটাররা।

2026-08-25T05:10:57+00:00
2026-08-25T05:10:57+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
হ্যাটট্রিক জয়ে টপ অ্যান্ডের শীর্ষে এইচপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:১০ এএম 
হ্যাটট্রিক জয়ে টপ অ্যান্ডের শীর্ষে এইচপি । ছবি : সংগৃহীত
টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে যেন রহস্যের জাল বিছিয়ে চলেছেন মোহাম্মদ রুবেল। প্রতিটি ম্যাচেই তার ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়ছে প্রতিপক্ষের ব্যাটাররা। ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিও ব্যতিক্রম হতে পারল না। রুবেলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেল তারা, এরপর ব্যাট হাতে লক্ষ্য পেরিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ এইচপি। এর আগে নেপাল ও হোবার্ট হারিক্যান্সকে হারিয়েছে তারা।

ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল। ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। বাংলাদেশের টানা তিন জয়ের অন্যতম নায়ক রুবেল। ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সি এই বাঁহাতি স্পিনার। আগের দুই ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রুবেলের ঘূর্ণির মুখে পড়ে ভিক্টোরিয়া। নিজের প্রথম বলেই কেলাওয়ে ক্যাম্পবেলকে বোল্ড করেন তিনি। পরের ওভারে একই ধরনের ভেতরে ঢোকা ডেলিভারিতে লিয়াম ব্ল্যাকফোর্ডকেও বোল্ড করেন রুবেল। দুজনের কেউই বুঝতে পারেননি বল কোন দিকে ঘুরবে। এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে ভিক্টোরিয়ার বিপদ আরও বাড়িয়ে দেন রকিবুল হাসান। মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারায় তারা।


চার নম্বরে নেমে উইল সাদারল্যান্ড ২৫ বলে ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিজের পরের স্পেলে ফিরে হ্যারি হোয়েস্ত্রা ও অস্টিন আনলেজার্ককেও বোল্ড করেন রুবেল। শেষদিকে একাই লড়াই করেন ভিক্টোরিয়ার অধিনায়ক স্যাম হার্পার। শেষ ব্যাটার হিসেবে ফেরার আগে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৩১ রানেই থামে ভিক্টোরিয়ার ইনিংস। রুবেলের ৪ উইকেটের পাশাপাশি রকিবুল নেন ৩ উইকেট, খরচ করেন ২৮ রান।

সহজ লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৭ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। হাবিবুর রহমান সোহান ০, আরিফুল ইসলাম ১৫, জিসান আলম ১১ ও সাব্বির রহমান ৫ রান করে ফেরেন। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামীম হোসেন ও ইরফান শুক্কুর। মাত্র ৫১ বলে ৮৩ রানের জুটি গড়ে চাপমুক্ত করেন দলকে। ইরফান ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে ফেরেন। এরপর ছক্কা মেরে ফিফটি পূরণ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম। ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।

টানা তিন জয় পাওয়া বাংলাদেশ এইচপি মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   হ্যাটট্রিক  জয়  টপ অ্যান্ড  শীর্ষ  এইচপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: