বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আউট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট। জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে।’
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী দাবি করেন, সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিল জামায়াতের ৭১-এর অপরাধকে মোছার অপচেষ্টা করা।
রাশেদ খাঁন লেখেন, ‘কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, এনসিপিকে দিয়ে ৭১-এর গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়া যাবে না। যত দিন জামায়াত থাকবে, তত দিন ৭১-এর গণহত্যার দায় নিয়েই জামায়াতকে বাঁচতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগকে ২৪-এর গণহত্যার দায় নিয়েই পালিয়ে বাঁচতে হচ্ছে।’
ছায়া সরকার গঠনের মাধ্যমে ফেসবুক হাইপ ও জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের কষ্ট এবার কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘এখন জামায়াতের নেতাদের শরীরের মধ্যে একটা ক্ষমতায় থাকার হাবভাব পরিলক্ষিত হবে। এখন আর ক্ষমতায় না যেতে পারার আক্ষেপে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য হয়ত পরিলক্ষিত হবে না। হয়ত তারা দায়িত্বশীল হবে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প পলিসি দেবে। তবে, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো গুম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করলে মানুষ কিন্তু ছায়া সরকারকে গুজব সরকার ও মন্ত্রীদের গুজব মন্ত্রী ডাকা শুরু করবে।’
তিনি আরও লেখেন, ‘ছায়া মন্ত্রিসভায় ৫ আগস্ট পরবর্তীতে বিপ্লবী হিসেবে আবির্ভূত হওয়া মারদিয়া মমতাজ আপার মতো একজন নারী নেতৃত্বকে অন্তত রাখতে পারত। নাকি জামায়াত ক্ষমতায় গেলে কোনো নারীকে মন্ত্রিত্বে বসাবে না? যেমনিভাবে জুলাই জাতীয় সনদ ভায়োলেট করে একজন নারীকেও নমিনেশন দেয়নি জামায়াত। অথচ পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে।’
বিএনপি সরকারের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘নির্বাচনের আগে থেকে নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করে বিএনপি এবং দায়িত্ব পাওয়ার পরে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে বিএনপি সরকার।’
সময়ের আলো/মহু