যশোরের চৌগাছায় প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৭১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনিব।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় খাইরুল ইসলাম সার বিক্রেতা হিসেবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়া সর্বমোট ২৭১ বস্তা সার গুদামজাত করা ছিল। যার খুচরা বিক্রয় মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা।
পরে আদালত এই সার জব্দ করে সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন পাটোয়ারী, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন