রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনায় রসায়ন বিভাগের চার শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের একাডেমিক ভবনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে মাথা ও চোখে গুরুতর আঘাত পাওয়া ফেরদৌস ও সাজিদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও একপর্যায়ে নবাব আবদুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠে।
এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন। পরে পাল্টা হামলায় রসায়ন বিভাগের জাবির ইবনে হাইয়ান ভবনেও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে পুরো ঘটনাটি খতিয়ে দেখবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
কমিটির প্রধান করা হয়েছে অধ্যাপক সাইফুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক আরিফুল ইসলাম ও অধ্যাপক সাহাল উদ্দিন।
সময়ের আলো/এমকে